।। দ্বিতীয় পাতা ।।
ছোট্টবেলার রং গোটা দুই চার,
স্কুলের গেট ,মায়ের হাত , ভালোবাসার আঁচ
আমার অপেক্ষার "বিপুল ভান্ডার " , আর
টিউনিক , টাই পরা সপ্তাহের দিন পাঁচ ।।
যখন ক্লাস থ্ৰী তে , তখন মার সাথে স্কুলের জন্য বেরোতাম, আমার নির্ধারিত সময়ের অনেকক্ষন আগেই যদিও পৌঁছে যেতাম, তাও বেরোতাম কারণ মার সাথে স্কুলে যাওয়া তার আগে আমার হতো না। আমাকে আমার স্কুলে ছেড়ে দিয়ে মা চলে যেত মার স্কুলে। আর আমি মাকে হাত নাড়িয়ে টাটা করতে থাকতাম যতক্ষণ মা দৃষ্টিগোচর না হয়ে যেতেন , তাতে একটা আলাদা সুখ ছিল। আমার স্কুলের উল্টোদিকে বিপুর কাকুর মুদি দোকান ছিল। 'বিপুল ভাণ্ডার ' । বিপুল কাকুর বাবা (আমি দাদু বলে ডাকতাম) আমাকে অনুকরণ করে হাত নাড়িয়ে মার দিকে তাকিয়ে তাকিয়ে টাটা করতেন। আর বাঁকা চোখে আমার দিকে চেয়ে চেয়ে মিটি মিটি হাসতেন। উনি আমার কাঁদো কাঁদো মুখটাকে হাসিমুখ করতে চাইতেন। আমি হেসেও ফেলতাম। তারপর আমি যা করতাম, অবিকল অনুকরণ করতেই থাকতেন। আর আমি হেসে যেতাম। এইভাবে অনেক্ষন কাটতো স্কুলের গেটে। তারপর স্কুল খুলে গেলে আমি ঢুকে যেতাম। আজ অনেক বছর হলো উনি নেই। প্রায় ১০-১২ বছর হবে। কিন্তু মাঝে মাঝে দাদুর কথা ভাবলে বেশ মজা লাগে।
ছোট্টবেলা টা কি মিষ্টি ছিল :)
Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy







































