Showing posts with label দুর্গাপুজো. Show all posts
Showing posts with label দুর্গাপুজো. Show all posts

Monday, 30 September 2019

পুজো মানে - আগমনীর সুর

মহালয়া ছিল পরশু দিন। আমার আর কিছু লেখা হয় ওঠে নি। আজ দ্বিতীয়া। মহালয়া মানে দেবীপক্ষের শুরু বা পিতৃপক্ষের অবসান, এই সব আমি লিখবো না আর। বড্ডো একঘেয়ে হয় গেছে কথাগুলো। ঘুম থেকে উঠে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুরমর্দিনী অথবা ছোটবেলার দুর্গারূপি সংযুক্ত ব্যানার্জীর মায়াবি পরিবেশন এই সমস্ত সবার স্মৃতিতে জীবন্ত। তাই সেই সব নিয়ে আর কিছু লিখবো না।



আচ্ছা আপনাদের কখনো মনে হয়েছে, এই মহালয়ার দিনে চক্ষুদান করেন যেই সমস্ত শিল্পী, তাঁদের কি অসীম একাগ্রতা, এই চূড়ান্ত ভিড়ের মধ্যে একটি মাত্র প্রচেষ্টাতে মায়ের চোখ আঁকেন তাঁরা। সেদিন একটি ভিডিও দেখলাম, যেখানে শিল্পী চক্ষুদান করছেন। যেন মা নিজেই দায়িত্ব নিয়ে নিজের চোখ সবার সামনে প্রকাশ করছেন। আমরা যারা দেখি, তাদের গায়ে কাঁটা দেয় কিন্তু যিনি আঁকছেন, তাঁরা তখন কি ভাবেন ? তাঁদের মনে ভয় হয় ? বা চিন্তা ? যদি একটু ভুল হয়ে যায় ? কি গুরুদায়িত্ব বলুন তো। আমি অবাক হয় যাই, বিশেষত ত্রিনয়ন যখন মায়ের মুখে ফুটে ওঠে। এইভাবে মায়ের প্রাণপ্রতিষ্ঠার সাথে সাথে আগমনীর সুর বেজে ওঠে। আর এই আগমনীর সুরে মেতে ওঠে সবাই। শুরু হয় কোনায় কোনায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর। পাড়ায় পাড়ায়, বিভিন্ন সোসাইটিতে নাটক, গীতিআলেখ্য, নৃত্যনাট্য, গান, আবৃত্তিতে সবাই অংশগ্রহণ করেন। আর সবচেয়ে ভালো লাগে সবার অংশগ্রহণের ইচ্ছা। দূর্গার অসুর বধের নাট্য রূপ যেমন দেখতেও ভালো লাগে, তেমন যাঁরা অংশগ্রহণকারী তারাও মজা পায় ভারী। সাথে খাওয়া দাওয়া তো আছেই।


ছোটবেলায় মহালয়া মানে শুধু বুঝতাম একটা দিন ছুটি, সকালের দূরদর্শন দর্শন আর দুপুরে খুব ভালো খাওয়া দাওয়া কিন্তু এখন মহালয়া মানে ঠাকুর দেখা শুরু। কোলকাতাতে এখন অনেক প্যান্ডেলের উদ্বোধন শেষ। অনেকে ঠাকুর দেখাও শুরু করে দিয়েছেন। কলকাতা ধীরে ধীরে হয়ে উঠেছে জীবন্ত ও উৎসবমুখর। পুজো ভালো কাটুক।  আজ খুব কম লিখলাম, লিখবো আরো। হাতে সময় থাকলে খুব শিগগিরই লিখবো।


🔺🔻🔺🔻🔺🔻🔺🔺🔻

Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy

Friday, 27 September 2019

পুজো মানে - ঘরে ফেরা

এই কিছু দিন আগে একটা বিজ্ঞাপন দেখলাম, তনুশ্রী শংকর , পাওলি দাম ও ঋতাভরীর নেপথ্যে কিছু কথা আর কিছু সুন্দর মুহূর্তের একটা অতি সুন্দর প্রতিবেদন। বাইরে থাকা উমাদের ঘরে ফেরার ডাক। মন টা ছুঁয়ে গেলো। এছাড়াও বেঙ্গালুরু এর টাইমস অফ ইন্ডিয়া তে একটা ক্যাম্পেইন ও চলছিল, বাঙালি মেয়েদের ঘরে ফেরানোর এক অভিনব প্রচেষ্টারস্বরূপ একটি ক্যাম্পেইন। সত্যি, পুজোর সময় ঘরে ফেরার আনন্দ আলাদা। শুধু উমাদের কথা বললে ভুল হবে।  মায়ের তো ছেলে মেয়েকে নিয়ে সংসার। তাই না ? তাই ঘরে ফেরার ডাক আসে উভয়েরই ।




বাইরে থাকা বাঙালিদের মধ্যেও আবার রকমভেদ আছে। এক হলো, আমাদের মতন যারা চাকরিসূত্রে প্রবাসে বসবাস করছে, কিন্তু আপনজনেরা এখনো কলকাতাতে আবার অন্যদিকে, কিছু বাঙালি  যাঁরা যুগের পর যুগ প্রবাসে থাকতে থাকতে সেই প্রবাসের এক অংশ হয়ে দাঁড়িয়েছে,তাঁদের মতন। তা আমি, এই চাকরিসূত্রে যাযাবর পাখিদের কথা বলি। সবচেয়ে মজা হলো, অফিসে বা যেকোনো সংস্থায় এইরূপী বাঙালিদের প্রশ্ন হবে, "পুজোয় কলকাতা যাচ্ছ /যাচ্ছিস?", তারপরের উত্তর হ্যাঁ এর দিকে হলে, প্রশ্ন আসবে  "কবে বা কোন দিন?" সঙ্গে একখানি উজ্জ্বল মুখ।  এই সমস্ত আলোচনাতে মনমেজাজ একটু ঝালিয়ে নিতে ভালো লাগে আর কি, আবার কোনো বাঙালি যদি কোনো কারণে যেতে না পারে, সে এই সমস্ত কথোপকোথনেই দুঃখপ্রকাশ করে।  আমার ক্ষেত্রে হয়েছে আগের তিনটি বছর, সেই মন খারাপ টা অন্য মাত্রার হয়।


ব্যাঙ্গালোরে যেই হাড়ে বাঙালি বেড়েছে, সেই হাড়ে দূর্গা পুজোও বেড়েছে। অগুনতি পুজো। গত বছর বিশাল লাইন অতিক্রম করে ঠাকুরও দেখেছি। মনে হচ্ছিলো কলকাতাতেই আছি। কিন্তু সেটা মাত্র ওই পরিধির মধ্যেই সীমাবদ্ধ। এখানে ছোট ছোট জায়গাতে ছোট ছোট কলকাতা গড়ে ওঠে। মণ্ডপ থেকে ২০০ মিটার এগোলে কলকাতা হারিয়ে যায়। কলকাতার মতন আবহাওয়া আশা করাও শ্রেয় নয়।  কারণ,গোটা কলকাতা তো নিজের জায়গাতেই বিদ্যমান। কিন্তু একটা জিনিস বলতেই হয়, এখানে নেই থিমের লড়াই, এখানে কিন্তু শুধু পুজো হয়। যেটার আনন্দ আবার অন্য ধাঁচের। সে যাই হোক, আমি তুলনা লিখতে বসিনি।  তাও, একটা কথা তো মানতেই হবে -পুজোর সময় বাঙালির ক্ষুধা কিন্তু বাংলাই মেটাতে পারে।

আমি এখন এয়ারপোর্ট এ বসে, উড়ানের অপেক্ষায়  বসে আছি আর কটকট টাইপ করে যাচ্ছি। চারদিকে বাঙালি পরিযায়ী পাখি। ওড়ার অপেক্ষায় তাঁরাও বসে আছে। সবার মুখে একটা চমক, ঘরে ফেরার। চোখ উজ্জ্বল, আবেগী হাসি আর অস্থিরচিত্ত।  আমিও জানি আর কিছু ঘন্টা মাত্র , তারপরে আমিও  আকাশ থেকে দেখবো আমার শহর শত শত জোনাকির আলো মেখে আমাকে কাছে টেনে নিচ্ছে। আর আমিও  নিশাচর পাখি হয়ে প্রথম ঝলকে শহরটাকে আবার নতুন করে ভালোবাসবো। আমি ঘরে ফিরবো।

🔺🔻🔺🔻🔺🔻🔺🔺🔻


Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy

Wednesday, 25 September 2019

পুজো মানে - পুজোর গান

"বাজলো তোমার আলোর বেণু / মাতলো যে ভুবন  / বাজলো তোমার আলোর বেণু " - না এই গানটাকে আজ এই পোস্ট থেকে বাদ দিচ্ছি, এই গান টা মহালয়ার জন্য তোলা থাক ? আমি সাধারণত এই গান টা মহালয়ার আগে শুনিনা, মনে শুঁড়শুঁড়ি লাগলেও শুনিনা , এই গান টা মহালয়ার প্রভাতে শুনতে বেশি ভালো লাগে।  আমি আজ কথা বলছি সেই গান গুলোর ব্যাপারে, যেই গুলো সাধারণত পুজোর গান হিসেবে বেশি পরিচিত। পুজোর জন্য বিশেষ ভাবে রেকর্ড করা গান, যা প্যান্ডেলে প্যান্ডেলে বাজতে থাকে পুজোর দিন গুলোতে, সেই সমস্ত গানের কথা । বছরের পর বছর গান বেরোতে থাকে, আমার ছোটবেলার পুজোর গান আবার আমার মায়ের সময়ের পুজোর গানের থেকে আলাদা। আলাদা গান আলাদা আলাদা মানুষের ভিন্ন স্মৃতিকে খোঁচা দেয়। গান এমন একটা জিনিস, যা মানুষকে প্রচন্ড ভাবে নস্টালজিক করে তোলে। কেমন যেন গানের প্রকাশকালীন সময়টা চোখে ভেসে ওঠে। আসুন, আজ একটু সেই সকল গান নিয়েই লেখালেখি হোক, আর আপনারা তার সাক্ষী থাকুন।



আমার নস্টালজিয়ার মধ্যে পুজোর গান বলতে আমি বুঝি কুমার শানুর "কত যে সাগর যদি পেরিয়ে এলাম আমি", "কে বলে ঠাকুমা তোমায়", "তুমি আছো এতো কাছে তাই"। আমি প্রাক ৯০ দশকে শৈশব কাটিয়েছি, স্বভাবতই, তখন কুমার শানুর যুগ। আর এই গান এখন শুনলে আমার তখনের পুজোর দিনগুলো মনে পরে, মনে পরে দূর থেকে প্যান্ডেলের মাইক গাইতো এই গানগুলো। বার বার। মনে পরে যায়, রাস্তায় ক্যাপ ফাটাতে ফাটাতে যদি কোনো ঠাকুমাকে দেখতাম, আমরা সবাই কেমন গেয়ে উঠতাম "কে  বলে ঠাকুমা তোমায়" - মানে না বুঝেই।  সেই পুরোনো মণ্ডপ, তখনের পুজোর গন্ধ সব এখন পাল্টে গেছে। আবার এমন কিছু পুজোর গান ও শুনতাম যা আমাদের অনেক আগের যুগের। ৮০ দশকের। তার মধ্যে আশা ভোঁসলে ও আর. ডি. বর্মনের বিখ্যাত আধুনিক বাংলা গানের জুড়ি মেলা ভার। আর অন্তরা চৌধুরী এর গানগুলোকেই বা কি করে বাদ দি। তারপরে আসলো উদিত নারায়ণের পুত্র আদিত্য নারায়ণের কিছু বিখ্যাত বাংলা গান, মিষ্টি কিছু গান, বিশেষত বাচাদের জন্য বানানো সেই গান। "এটা করোনা ওটা করোনা, করবো তবে কি, রোজ একই কথা ভাল্লাগেনা ছাই "। এই গান টা খুব মুখস্ত করেছিলাম, কারণ মাকে শুনিয়ে শুনিয়ে এই গান টা খুব গাইতাম। তারপর এই কয়েক বছর পরে আসলো একটা বিটকেল যুগ, মিতা চ্যাটার্জীর গান। আমার বিকট লাগতো 😖।

এতো গেলো আমার গল্প, কিছু গান এখনো বাজলে মায়ের মুখে শুনি, এই গান গুলো পুজোর সময় কি বাজতো। "মধু মালতি ডাকে আয়ে ", "যেতে দাও আমায় ডেকো না", "আমি মিস ক্যালকাটা ", "কফি হাউসের সেই আড্ডাটা আর নেই ", "আয়ে খুকু আয়ে ", হেমন্ত , সতীনাথ, কিশোর কুমারের প্রমুখ গান আরো অনেক গান, যা আমার মনে এখন পড়ছে না। মায়ের কথায় তখন পুজোর গান একটা আকর্ষণ ছিল, ধীরে ধীরে যদিও সেই আকর্ষণ টা কমে যাচ্ছে, কারণ এখন তেমন ভাবে পুজোর গান বেরোয় না, বেরোলেও এমন কিছু মধুর হয়না, যা মন ছুঁয়ে নেয়।  সবচেয়ে বড়ো  তফাৎ যেটা আমি মনে করি, হলো গানের সাথে ভিডিও যোগ করার হিড়িক। পুজোর গান এখন দেখতে হয়। আর অতিরিক্ত মেক আপ করে বাঙালি আটপার শাড়ী / স্টাইলিশ ধুতি পাঞ্জাবি পরে,সেজেগুঁজে অতিরঞ্জিত করাটা আমি মেনে নিতে পারিনা। আগে যেই জিনিস টা ভালো লাগতো, সেটা হলো, সব প্যান্ডেলে বাংলা পুজোর গান বাজতো, বড় হওয়ার সাথে সাথে দেখলাম কিছু কিছু প্যান্ডেলে হিন্দি সিনেমার গান বাজতে থাকে।  কেমন যেন বেখাপ্পা লাগতো, কিন্তু ভাগ্যক্রমে, আমার পাড়ায় কিন্তু এখনো বাংলা গানই বাজে, নতুবা মহিষাসুরমর্দিনী নতুবা ঢাক। আর কিছু না হলে, মাইক থেকে আয়োজনকর্তাদের ব্যস্ততার কথোপকথন শুনতে পাওয়া যায়। যেটা বেজায় আজে বাজে গানের থেকে অনেক ভালো ও মজাদার  😁. অন্তত, পুজোর আয়োজন টা না দেখেও, শোনা তো যায়।

আপনারাও লিখুন না আপনাদের ছোটবেলার বা বড়বেলার স্মৃতি, এই পুজোর গান নিয়ে।  কমেন্ট করুন 😊।

🔺🔻🔺🔻🔺🔻🔺🔺🔻

Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy

Tuesday, 24 September 2019

জ্যান্ত দুর্গার সংসার

এই লেখাটা লিখেছিলাম আজ থেকে সাড়ে পাঁচ বছর আগেই, জানুয়ারি ২০১৪ সাল। লিখেছিলাম কোনো সংবাদ পত্রের  লেখনী প্রতিযোগিতার জন্য, আদৌ চিঠি পৌঁছেছিল কিনা আমি জানি না আর যদি পৌঁছে গিয়েও থাকে, তাহলেও হয়তো খবরের পাতায় প্রকাশ পাওয়ার যোগ্যতা অর্জন করেনি।  তাই এই লেখা গুলো 'অপ্রকাশিত' রয়ে গেছে।  এরকম অনেক গল্প বা লেখনী আছে যা আমি এই 'অপ্রকাশিত' সংকলনে যোগ করতে চলেছি। আজকের প্রথম লেখা যেটা আমি যোগ করছি সেটা একটা সূত্রের উপর ভিত্তি করে লেখা।  বিভাগ - হাস্য কৌতুক। যেহেতু পুজো কাছে, তাই এইটা দিয়েই শুরু করলাম।



গল্পের বিভাগ : হাসি 


গল্পের সুত্র : "আজ দশমী। এবার আমাদের পাড়ার পুজোর থিম ছিল লাইভ ঠাকুর। মোড়ের মিষ্টির দোকানের ময়রা হয়েছিল গণেশ, বলিউড এর স্বপ্নে বিভোর ঋত্বিক হয়েছিল কার্তিক, পাড়ার হার্টথ্রব চিনির বোন্ মিনি..... "

আজ দশমী। প্রতিবারের মতন এবারেও আমাদের পাড়ার হাল একটু বেহাল। উপহাস্য নয়। আসলে থিম পূজোর থিম মগজ থেকে ঠিকরে না বেরোবার ফলে আমাদের পূজোর 'গরম' ও 'টগবগে' থিম হল লাইভ ঠাকুর। অনেক চেষ্টা করেও এত বছরেও একটা 'অমুক' কিংবা 'তমুক' সম্মান পাওয়া যায়েনি।দেখা যাক আজ এই শেষ দিনে যদি মা যেতে যেতে আচমকা কিছু দিয়ে যান।

মাকে খুশি করার জন্য আমাদের পাড়ার ছেলে পিলেরাই হয়ে গেছে মা ও তার পরিবার বৃন্দগন। মোড়ের মিষ্টির দোকানের পেটফোলা ময়রা হয়েছে গণেশ । নকল ফর্সা শুঁড় ও কালো চকচকে ভুঁড়ি দুলিয়ে ভালই অভিনয় করলো এই কদিন। ওদিকে বলিউড এর স্বপ্নে বিভোর ঋত্বিক হয়েছে কার্তিক। ধনুক তো দূরের কথা, নেই একটা নকল বন্দুকও। ট্যাবলেট হাতে কানে আশিকী ২ এর গানে মত্ত হয়ে ফেইসবুক করে করেই এই চারটে দিন কাটিয়ে দিল গোঁফহীন প্যাংলা কার্তিক। ভাগ্যিস নামটাই মেলে রোশন পুত্রের সাথে। চেহারা মিললে মা দূর্গা ই জানতেন এই মন্ডপ বেদিতে কি হত। ঐ দিকে পাড়ার ধক ধক হার্টথ্রব চিনির বোন্ মিনি হয়েছে লক্ষী। নামেই মিনি। আকারে বিশাল মিনির পুরুষালি হাবভাব মা লক্ষী না দেখলেই ভালো হয়। আর যদি দেখেও থাকেন তাহলে - " মা লক্ষী - এদের দোষ নিস না । এঁরা নিরুপায়। কথা দিছি আসছে কোজাগরী তে তোকে সুন্দর করে পুজো করব এই বেদীতেই "। যাক এইবার আসি সঙ্গীতের দেবী সরস্বতী এর আলোচনায়ে। পাড়ার মেয়েদের অভাবকে টেক্কা দিয়ে পাড়ার হাড়ুই হয়ে গেছে সরস্বতী। পরচুলা, লোমশ লম্বা চেহারায়ে স্মার্ট সরস্বতী বাজিয়েছে গিটার। সোজা কথাযে সরস্বতী অন ছিল। যাকে বলে বেপরোয়া।


ছবি : মহিষাসুর বধ পালা / আনন্দবাজার পত্রিকা 

এত গেল সন্তানদের বর্ণনা। আসছি মা ও তার একমাত্র ভিলেন অসুরের বর্ণনাতে। মা দূর্গা হয়েছে আমাদের পাড়ার ঝগরুটে আপেল পিসি। কিন্তু এটা মানতে হবে যে তাঁর রাগী পাকানো চোখের সাথে হিংস্র আবেদন সত্যি তাঁকে মহিষাসুরমর্দিনী করে তুলেছে। দুই হাতে নকল ত্রিশুল, আর বাকি আটটি নকল হাতের একটি হাতের আঙ্গুল খসে পড়েছে। আর আঙ্গুলেরই বা কি দোষ ? থার্মোকলের হাত এই চারদিন টিকেছে এই ঢের। চশমা পরা মা দূর্গাকে শতকোটি পেন্নাম। এই দিকে অসুর হলো গিয়ে চালের দোকানের চাঁদু। চাল বিক্রি করে গতরটা বেশ ভালই ভারী করেছে। তাই বলবান হ্যান্ডসাম অসুরের জায়েগাতে মাংসালো থলথলে চেহারাটা খুব একটা হাস্যকর হয়েনি। একটু বডি বিল্ডিং এর অভাব ব্যস। যাই হোক চাঁদু বাবার চালের দোকান থেকে এই চারটে দিন রেহাই পেয়ে বেজায়ে খুশি। তাই অসুর একদম হাসমুখলাল।

বাহনের কথা বাদই দিলাম কারণ জ্যান্ত কেউ নয়ে, সবাই নকল পুতুল। তাতে কি যায়ে আসে। কাজ তো চলে গেল। কিন্ত হাঁ আমাদের পাড়ার পুজো কোনো দর্শনার্থীকে হতাশ করেনি। কোনো অ্যাওয়ার্ড না পেলেও আমাদের পুজো দর্শনার্থীদের কে দিতে পেরেছে এক চিলতে হাসি। কাতারে কাতারে লোক না হলেও বেশ সংখ্যক দর্শনার্থী হয়েছে, আবার কেউ কেউ হাসার সাথে সাথে প্রনাম ও করেছেন আমাদের ভগবান দের।

'মা দূর্গা' - এবারের মতন ক্ষমা করিস। কথা দিলাম আগামী বছর তুই আসবি কুমোর পাড়া থেকেই। এবারের ভুলত্রুটি মার্জনা করিস আর হাশি মুখে শ্বশুর বাড়ির জন্য রওনা দিস ।

সৌজন্যে --
প্যাট্লা রতন 
আসিস্টান্ট সেক্রেটারী 
মিলেঝুলে থাকি ক্লাব
ঝাউতলা পার্ক 
কলকাতা- ৭০০০০০







Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy

Sunday, 22 September 2019

পুজো মানে - বাঁশের জুড়ি মেলা ভার আর হোর্ডিং এর সজ্জা

আর মাত্র ১০ দিন। বাংলার দিকে দিকে এখন সাজো সাজো রব। প্যান্ডেলের কাজ, প্রতিমার কাজ সব যেন এখন শেষ মুহূর্তের দিন গুনছে। প্যান্ডেল এবং প্রতিমা যেমন ৩ মাস আগে থেকেই সজ্জিত হতে শুরু করে, কলকাতা কিন্তু সাজতে শুরু করে এই সময় থেকে।  আমি জানিনা এখন কলকাতায় কেমন অবস্থা, কিন্তু যা শুনেছি এখন মহালয়া থেকেই প্যান্ডেল উদ্ভোধন হয়ে যায় এবং নেমে যায় মানুষের ঠাকুর দেখার ভিড়। তাহলে সেই পরিপ্রেক্ষিতে আশা করা যায় কলকাতা সাজুগুজু করতে শুরু করে দিয়েছে।

আমাদের অঞ্চলে কোনো থিম পুজোর বালাই নেই, সব সার্বজনীন পুজো। তা সেখানে তুলনামূলক ভাবে প্যান্ডেলও শুরু হয় অনেক দেরিতে। এই সময় টা মাঠে মাঠে ঘুরলে দেখা যায়, সাবেকি ও সাধারণ প্যান্ডেল তৈরির প্রস্তুতি চলছে। প্যান্ডেল তৈরির সাথে সব বাঙালীর একটা কেমন সুতোর টান আছে তাই না? মানে এই উত্তেজনার কোনো তুলনা নেই।

তা যাই হোক, কলকাতা চাকরি করাকালীন অবস্থায়, অপেক্ষা করে থাকতাম রাস্তা ঘাট গুলো দেখবো বলে, বলা যেতে পারে ওটা একটা আনন্দের মুহূর্ত ছিল অফিস যাওয়ার পথে। লোকে বলে পুজোর সময় হলো একমাত্র সময় যখন বাঁশ খুব ভালো লাগে 😅। হা হা।  বলার অর্থ হলো, প্যান্ডেল বলুন, বা অন্যান্য বাঁশের কাঠামো সবই তো মজার উদ্রেক করে। কলকাতার সুখ্যাত পুজোর এলাকাতে বাঁশের ব্যারিকেড তৈরি শুরু হলে পরে বোঝা যায়, এখন অন্তিম মুহূর্ত আর কিছুদিন পরেই এই বাঁশের রাস্তায় নামবে মানুষের ঢল। আগেই অফিস যাওয়ার পথে  ভি. আই. পি রোডের উপরে দম দম পার্ক, লেকটাউন ও শ্রীভূমির কাছে এগুলো দেখতে পেতাম। তারপর লাইটিং বা হোর্ডিঙের জন্য বাঁশের কাঠামো সেগুলো ও তৈরি হতে থাকে ঠিক এই সময়। ধীরে ধীরে কলকাতা একটু একটু করে গয়না পড়তে শুরু করে। আর হ্যাঁ এই হোর্ডিং, পুজো স্পেশাল হোর্ডিং চারিদিকে না দেখতে পেলে কি ভালো লাগে ? এই ছোট্ট ছোট্ট জিনিস গুলো পুজোকে যেন আরো রঙিন করে তোলে। পুজো প্রাসঙ্গিক এমন অনেক ছোট ছোট জিনিস আছে যা আমাদের মন কে বার বার মনে করিয়ে দেয়, যে পুজো আসছে 😊।



🔺🔻🔺🔻🔺🔻🔺🔺🔻


Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy

Friday, 20 September 2019

পুজো মানে - বিজ্ঞাপন ও বিনোদন



পুজোর বেশি দিন তো আর নেই। এখন গুনে গুনে ১২ দিন। তা আজ আমি  লিখবো এমন কিছু জিনিস নিয়ে যা সবার স্মৃতিকে শুঁড়শুঁড়ি দেবে। আজ কথা বলবো বিজ্ঞাপন নিয়ে। বাঙালির মনে উদ্দীপনা জাগাতে কিন্তু এই বিজ্ঞাপন বিশেষ ভূমিকা পালন করে আসছে।

টেলিভিশনের কিছু পুজোর বিজ্ঞাপন এমনভাবে আমাদের মনে গেঁথেছিল যা আজও ভোলা যায়না। সবার প্রথমে মনে পরে "এই প্রানঢালা উৎসবে বার বার " -এ মৈত্রেয়ীর মাতৃরূপ ও সাবেকি বাড়ির প্রতিচ্ছবি  কিংবা "সপ্তমী তে প্রথম দেখা অষ্টমীতে হাসি" -তে চন্দনা ও অর্জুনের মিষ্টি প্রেম বা "পুজোয় জমুক তুফানী চুমুক" -তে সৌমিত্রের হাসি।  এগুলো এখনো আমরা ইউটিউবে খুঁজে খুঁজে দেখি। তাছাড়া তো বাকি দোকানের পুজো স্পেশাল বিজ্ঞাপন বা লোকাল ক্যাবল টিভি এর স্থানীয় দোকানের বিজ্ঞাপন ছিলই। যদিও এখনের সুজয় পুঁচকি এর বিজ্ঞাপন সেইভাবে মন ছুঁতে পারে না তাও এই বিজ্ঞাপন গুলো দেখতে পেলেই মনে হয়, পুজোর জন্য তৈরি হতে হবে। শারদীয়া লেখা টার মধ্যেই যেন কেমন একটা টান আছে।  দেখতে পেলেই মন কেমন করে ওঠে।

এর পর আসি প্রাক পুজো পরিক্রমার কথায়। ছোটবেলাতে তো এইসব কিছুই হতো না কারণ থিম পুজোর কোনো নামগন্ধ ছিল না। সেই ২০০২ এর বোসপুকুরের ভাঁড়ের প্যান্ডেল এমন এক নতুন ধারার প্রচলন করলো যে, এখন থিমপুজোই সর্বে সর্বা ( বিঃ দ্রঃ আমার কাছে নয়) । তারপর থেকেই শুরু হলো প্যান্ডেলের প্রতিযোগিতা এবং থিমের লড়াই।  তাই শুরু হয়ে গেলো এক অতি অভিনব প্রোগ্রাম যা ষ্টার আনন্দে প্রচারিত হতো (এখনের এ বি পি আনন্দ)। নাম ছিল মেগাস্টার বনাম সুপারস্টার। আমার ভারী মজা লাগতো দেখতে, সেখানে শুরু হলো প্রতিটা পুজোর প্যান্ডেলে গিয়ে গিয়ে তাদের থিম সম্পর্কে এবং প্রস্তুতি সম্পর্কে বিস্তরে তথ্য সংগ্রহ করা এবং দর্শকদের সামনে তুলে ধরা। তারপরে পুজো শুরু হলে বিচার করে পুরস্কারের সাথে ঘোষিত হতো কে মেগাস্টার আর কে সুপারস্টার। অ্যাওয়ার্ড পুরস্কার বুঝতাম না। পুজোর এই আবহাওয়া টা ভালো লাগতো। পুজোর দিন গুলোর থেকে পুজোর আগের প্রস্তুতিটা যেন বেশি আনন্দের তাই না ? এখনো কিন্তু এই রকম অনুষ্ঠান বিভিন্ন চ্যানেল এ প্রচারিত হয়। এখন ইউটিউবে তো অনেকে নিজের চ্যানেল এ নিজস্বভাবে পরিক্রমার ভিডিও আপলোড করেন।  এগুলো আমাদের মতন বাইরে  থাকা মানুষজনদের খুব খুশি করে।  যাই হোক, আজ লেখাটা খুব ছোট রাখলাম আর বেশ অগোছালোই লিখলাম।  যা মনে এসেছে তাই লিখেছি আর সাথে শুনছি "এই উজ্জলতার স্রোতে, এই বুকের ভিতর হতে, এই ফুটে ওঠা বিশ্বাসে, ফিরে আসে বার বার  ... " না শালিমার না, ফিরে আসে আমাদের প্রাণের উৎসব, প্রাণের পুজো  😊


🔺🔻🔺🔻🔺🔻🔺🔺🔻

Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy

Wednesday, 19 October 2016

প্রবাসে লক্ষী পুজো।





দূর্গা পুজো তো হৈ হৈ করে কাটলো। এরপর ভাবনা ছিল লক্ষী পুজো নিয়ে। লক্ষী পুজোর সাথে একটা অন্যরকম ঘরোয়া আত্মিক যোগ আছে আমার। ছোট্টবেলা থেকে মার বাম হাত হিসেবে এই লক্ষী পুজোতে আমার বিশেষ ভূমিকা থাকতো। তাই , লক্ষি পুজোর দিন পাঁচালি পড়বো না, এটা জাস্ট ভাবতে পারিনি। ভাবলাম লক্ষী পুজোটা সেরেই ফেলি। কিন্তু ওই যে ভাবলে তো হবে না ।করতেও হবে ভাবনাকে সফল। এখানে তো আর আমার পাপা নেই, যে দশকর্মার ফর্দ আর পূজা সামগ্রীর লিস্ট ধরিয়ে দিলাম ব্যাস হাতের কাছে এসে পড়বে সব ঝোটাকসে । আমি যখন নিজেই আমার এখানের ছোট্ট বাড়ির হর্তা কর্তা বিধাতা, এই পুজোর আগ্রম বাগ্রাম ও আমাকেই কিনতে হবে। এবার হলো, কান্নাডাতে দশকর্মা কেনার পালা। ঠাকুর ও। অনেক কষ্টে, কলকাতা ধাঁতের ঠাকুরের একটা ফটো জোগাড় করলাম। ধান কে Dhanya , অম্রপল্লব কে Mavena elle, দূর্বা কে Garike বলে বাকি যাবতীয় সামগ্রীও জোগাড় করেই ফেললাম (ক্রেডিট : আমার কান্নাডিগা টীম মেট এর)। পাঁচালিটা আগের দিন অনলাইন থেকে প্রিন্ট করিয়েই  নিয়েছিলাম। এবার ছিল ঠাকুর কে মিষ্টি দেওয়ার পালা। অসম্ভব লাকি মনে হয় নিজেকে, যখন ভাবি বাড়ির পাশেই "তৃপ্তি সুইট্স - বাঙালি মিষ্টান্ন ভান্ডার " নামের একটা দোকান আছে। সীতাভোগ, মিহিদানা, কালাকান্দ আর মিষ্টি দই কিনে ফেললাম আর কি।
আলপনাও আঁকলাম ছোট্ট করে। ব্রাহ্মণ পুরুত পেলাম না ঠিক ই। কিন্তু, মা এতেই সন্তুষ্ট হবেন। হবেন না বলুন ? যাই হোক. সন্ধ্যে বেলাতে পূর্ণিমার গোল চাঁদ দেখতে দেখতে যখন নিজের বানানো খিচুড়ি, আলুর দম আর বেগুন ভাজা খাচ্ছি, তখন একটা জিনিসের কথাই মনে পড়ছিলো। গুড়ের নাড়ু।  নাড়ুর গুড়কে কোন vellam এর ক্যাটাগরি তে ফেলবো সেটা জাস্ট বোঝা হয়ে উঠলো না। নইলে হয়তো ষোলো কলা পূর্ণ হতো।





Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy

Monday, 10 October 2016

রং বদলানো পুজো - পঞ্চম অংশ - প্রবাসে পুজো



 ।। শুভ বিজয়া দশমী ।।


ভেবেছিলাম আগের পোস্টটাই শেষ ছিল। সেই বিচার বিবেচনা নিয়ে ওটাতে উল্লেখ করেওছিলাম যে রং বদলানো পুজো সংখ্যাটার সমাপ্তি হয়েছে । কিন্তু সেটা হলো না। কারণ ইচ্ছে হলো শেষটা বিজয়া দশমীর দিনই করি। আমি এখন মুম্বাইতে বসেই এই পোস্টটা লিখছি। মুম্বাই আসা অব্দিও ভাবিনি এতটা আনন্দ পাবো। কলকাতার বাইরে দূর্গা পূজার জাঁকজমক কেমন তার ব্যাপারে বিন্দুমাত্র আইডিয়া ছিলোনা। কিন্তু বাস্তবে আমার সেই ধারণা ভাঙলো। মুম্বাইতে এতো দূর্গা পুজো হয় জানতাম না। আর তাও এত নিষ্ঠা মেনে হয়, সেটাও জানতাম না। অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু রাজাকে আমাকে মুম্বাইতে নিমন্ত্রণ করার জন্য। কলকাতা না যেতে পাড়ার দুঃখকে এই ভাবে কাটিয়ে উঠতে পারবো, ভাবিনি।


Friday, 7 October 2016

রং বদলানো পুজো - চতুর্থ অংশ - এখন বড়ো হয়ে গেছি


।। শুভ মহাসপ্তমী ।।

বেশ তো গেলো ছোটবেলার পুজোগুলো। এবার হলো গিয়ে চাকুরীজীবি হিসেবে পুজো উপভোগ করার সময়। পুজোর হিড়িকে যদিও কোনো ভাঁটা পড়েনি আজ অব্দি, কিন্তু চাকুরী করলে যা হয় আর কি। দায়িত্বের বোঝাতে অজুহাত মাথা চারা দেয় না। কোলকাতাতে যতদিন চাকরি করেছি ,ততোদিনও এই চতুর্থী, পঞ্চমী,ষষ্ঠী কম্পিউটার এর সামনে বসে অফিস করার দুঃখ ,মনের আকস্মিক উদ্বেগ গুলোর বেলুনে আলপিন ফোঁটাতো বারবার । কিন্তু আমি থেমে থাকার মানুষ নই। ঠাকুর তো দেখতেই হবে।  তাই পুজোর রং বদলের একটা নতুন ধারা শুরু হলো। পঞ্চমী, ষষ্ঠী অফিস করে তারপর মা কে নিয়ে ঠাকুর দেখা। অফিস টা শেষ হওয়া মাত্রই দে ছুট। আর বাঁধাধরা শুরু হতো, দমদম পার্ক দিয়ে এবং শেষ হতো ওই শ্রীভূমি, লেকটাউন ও উল্টোডাঙ্গার সব ঠাকুর দেখে। আরো একটা নতুন জিনিসের আগমন হয়েছিল মেনু তে আর সেটা হলো , ষষ্ঠির লাঞ্চ। অফিস এর সেজেগুজে যাওয়া আর দুপুরে জমিয়ে খাওয়া। খেতে আমি প্রচন্ড ভালোবাসি আর এই সেজেগুজে পেট ভোরে ভালো মন্দ খেয়ে কাজ কে ৪ দিনের জন্য টাটা করতে যে কি মজাই হতো। তারপর তো বাকি প্ল্যান গুলো হতোই। সবার সাথে ঠাকুর দেখা, মণ্ডপে আড্ডা মারা আর শাড়ী পরে অঞ্জলি দেয়া। তারপর আমার প্রিয় বান্ধবীদের সাথে এনতার ছবি তোলা।

***

Thursday, 6 October 2016

রং বদলানো পুজো - তৃতীয় অংশ - তখন সদ্য ডানা মেলতে শিখেছি




।।শুভ পঞ্চমী ।।

স্কুল শেষ করার সাথে সাথেই পুজোর রং আবার বদলে গেছিলো । কিছুটা। তার মধ্যে একটা অন্যতম  সংযোজন ছিল পশ্চিমবঙ্গের বাইরে পুজোর আগের উদ্দীপনাগুলোকে উপভোগ না করতে পারার কষ্ট। দুর্ভাগ্যবশতঃ এমন এক জায়গাতে এডমিশন নিয়েছিলাম যেখানের সংস্কৃতি আর আমার নিজের সংষ্কৃতির মধ্যে বিন্দু মাত্র মিল ছিল না। কারণ অষ্টমীর দিন সরস্বতী পুজো হতো সেখানে। মনে আছে ২০০৭ এ আমি সপ্তমী, অষ্টমী ও নবমীতে  সেকেন্ড ইয়ারের সেমেস্টার লিখতে যাই , তাও আবার নতুন জামা পরে। কেঁদে কেটে চোখের জল ভাসিয়ে। সেই অনুভূতি চরম বেদনাদায়ক ছিল বটে। কিন্তু ভগবানের কৃতার্থে, কলেজে পড়াকালীন আর আমাকে এই দূর্গা পুজো কে দূরে সরিয়ে রাখতে হয়নি। পুজোর আগের শরৎ কাল আর পুজো আসছে এই ব্যাপারটাকে মনে পড়তো ঠিকই , কিন্তু দীর্ঘ লাইনের পর দাঁড়িয়ে তৎকালে চেন্নাই-হাওড়া, করমণ্ডল বা এগমোর এক্সপ্রেসের টিকিট পেয়ে গেলে যেই আনন্দের চরম পর্যায়ে পৌঁছতাম, সেটা অনবদ্য। আবার এমনও হয়েছে, প্লাটফর্ম এ জানতে পেরেছি ওয়েটিং লিস্ট ৭০ থেকে সোজা টিকিট কনফারমড। এই কিছু কিছু নতুন উত্তেজনা নতুন করে যোগ হয়েছিল। বলা যেতে পারে, কলকাতার পুজো কি জিনিস তখন হাড়ে হাড়ে টের পেয়েছিলাম। যাই হোক সেই কথা।



Wednesday, 5 October 2016

রং বদলানো পুজো - দ্বিতীয় অংশ - তখন একটু বড়



।। শুভ চতুর্থী ।।


যাই হোক। কালকের লেখাটার পরে আজ তাহলে লিখি পুজোর প্রথম বদলের প্রসঙ্গে। ছোট্টবেলার পুজো টা একইরকম কেটেছিল এই ক্লাস থ্রী - ফোর অব্দি। মানে যেটার ব্যাপারে কাল লিখলাম আরকি। তারপর একটা বদল এসেছিলো আর সেটা চলেছিল পুরো স্কুল পড়াকালীন অব্দি। বদলটার একটা অন্যতম কারণ ছিল আমাদের ঠিকানার পরিবর্তন। হ্যাঁ, দুঃখের ঘটনা ছিল বটে কারণ, প্যান্ডেলের চূড়া দেখাটা বন্ধ হয় গেছিলো আমার আর দিদিভাই এর। কিন্তু এই নতুন পুজোর গন্ধ টাও বেশ মজার ছিল। তখন একটা নতুন সংযোজন হয়েছিল এই আসন্ন পুজোর গন্ধে। আমাদের দুই বোনকে নিউ মার্কেট নিয়ে গিয়ে পছন্দ মতন পুজোর জামা কিনে দেয়ার নতুন রীতি , আর সেটা সেই যে শুরু হয়েছিল আর থামেনি। ছোট্টবেলাতে মা নিয়ে আসতো , আমরা শুধু প্যাকেট খুলতাম। এবার দোকানে গিয়ে এটা ওটা চাই বলার একটা সুন্দর সুযোগ করে দিয়েছিলো মা, পাপা।  তা, এই পুজো আসার এক দেড় মাস আগে থেকে যখন শুনতাম কোনো ছুটির দিন মা, পাপা প্ল্যান করছে পুজোর জামা কেনার, ব্যাস মন খুশ। মানে পুজোআসছে ।


****

Tuesday, 4 October 2016

রং বদলানো পুজো - প্রথম অংশ - তখন একদম ছোট্ট



।। শুভ তৃতীয়া ।।

কিভাবে শুরু করবো ঠিক বুঝে উঠতে পারছিনা। পড়তে পড়তে আবার এরকম না মনে হয় খুব একটা ঘ্যানঘ্যানে পোস্ট। বা এরকম না মনে হয়, যে এতো গতকালের অর্পিতা পালের লেখা থেকে ঝাপা। সত্যি বলতে অনেক দিন ধরেই মনে হচ্ছিলো এরকম একটা কিছু লিখবো , হয়ে উঠছিলো না জাস্ট।  কাল অর্পিতা পালের আনন্দবাজারের লেখাটা পরে বেশ নাড়াচাড়া পড়লো। মনে হলো নাহ লিখেই ফেলি। মনে হলো, ঠিকই তো পুজোর রং তো বদলায় বছরের পর বছর। ছোটবেলার পুজোর সংজ্ঞা এখনের পুজোর সংজ্ঞার থেকে সম্পূর্ণ আলাদা ছিল। দিনের পর দিন সব বদলেছে। তাই ভাবলাম , একটু একটু করে আমার নিজের কিছু স্মৃতি যদি এখানে লিখতে পারি ব্যাপারটা মন্দ হয়না ।সত্যি বলতে, এই যে ব্যাপারগুলো ভাবছি তাতেও যেন আনন্দ হচ্ছে।তাহলে আবার কি ? পড়ুন। হয়তো আমার নিজস্ব কিছু স্মৃতির সাথে আপনারাও নিজের স্মৃতিও খুঁজে পাবেন।

 আমার প্রথম পুজো তো অবশ্যই মনে নেই।কিন্তু এই ক্লাস ওয়ান বা ক্লাস টু এর পুজো গুলো মনে পরে।তখন আমরা থাকতাম অন্য একটা পাড়াতে।সেই স্মৃতি গুলোর স্বাদটা আলাদা আর অবশ্যই আর ফিরে আসেনি। মনে আছে, পুজোর আগের এক মাস থেকে মার  মধ্যে একটা তোলপাড় দেখতে পারতাম। ঘর পরিষ্কার করার তাগিদ ।নতুন জামা কেনার তাগিদ। গিফট কেনার তাগিদ। নতুন সারিতে ফল লাগানোর তাগিদ। স্কুলের অর্ধ বাৎসরিক পরীক্ষার খাতা দেখার তাগিদ। সব রকমের তাগিদ। তারপর আসতো মহালয়া। ছোটবেলাতে সত্যি রেডিও তে কোনো ইন্টারেস্ট ছিল না।জানতাম ও না বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র কে ? কিন্তু দূরদর্শনে সংযুক্তা ব্যানার্জী কে মা দূর্গা রূপে দেখতে খুব ভালো লাগতো। ভাবতাম দূর্গা ঠাকুরকে মনে হয় এরকমই দেখতে। পুজোর ছুটি, পুজোর হোমটাস্ক, নতুন জামা, নতুন জুতো, নতুন ক্যাপ ফাটানোর বন্দুক আর টিভিতে ছুটি ছুটি এর বিজ্ঞাপন মিলিয়ে একটা অন্যরকম আনন্দ হতো ।

Thursday, 22 September 2016

মনে পুজো পুজো ভাব, কিন্তু এখানে শরতের অভাব

আজ  ৯ বছর পর পুজোতে কলকাতা থেকে দূরে থাকবো। সেই ২০০৭, আর এখন ২০১৬। মনকে এবং মাথাকে তো মানিয়ে নিয়েছিলাম ই  যে এইবছর পুজোতে কলকাতাতে নয় আর বেশ শক্ত পোক্ত ও ছিলাম বটে। হঠাৎ যে কি হচ্ছে  ঠিক বুঝতে পারছিনা। কেমন একটা অসম্পূর্ণতা  মনে চারা দিচ্ছে। আর ব্যাপারটা খুবই আকস্মিক। আমি এটাও জানি যে এই অসম্পূর্ণতা পুজোর ওই কয়েক দিন গেলেও মিটতো না  কারণ পুজো মানে তো শুধু পুজোর ওই কয়েকটা দিন না। 'পুজো আসছে 'এই যে ব্যাপারটা তো আরো বেশি মজার তাই না ? সেই আনন্দ টা যেন অমূল্য। আর দুঃখবশত , পশ্চিমবঙ্গের  বাইরে শরৎকথাই বলে না প্রায়। কেমন যেন নির্বাক। বাতাসে কোনো পুজোর গন্ধ নেই। কাশ ফুল ,কিচ্ছু নেই । তাই রীতিমতন আমি বিরক্ত। মনে পড়ছে শুধু  ...........

Wednesday, 3 October 2012

Touch of Sharadia



                                                                        Touch of Sharadia


Hi friends!! After a long time I m here to write again…I guess more than a month…Really feeling bad as couldn’t post anything…Too much work pressure that too long 9-10 hrs dealing with computer …and after that really don’t feel like sitting again in front of PC… Anyways… It’s October month and the month of festivals..Just love it...And for a Bengali Citizen the most thrilling and exciting is to celebrate Durga Puja in Grand way…Though this time Puja timing is quite late still it’s not much far from now… Just few days and then YIPPPPPPPPPPPPPPY….Time to say “Subho Saradiya” will come… ☺☺

  

“Sarat Kaal”--the season of festivals…The mesmerizing, floating, carefree clouds & the hide and seek game of sunlight through those clouds are just flaunting… “Kaash phool “another object of nature which smoothens Bengali’s mind as it reminds us to get ready for welcoming Goddess.Ma Durga...The unprepared Goddess idols at Kumortuli,the  unfinished Pandals around the city excite us and tell us that yes Ma is coming soon..But this feeling is only better because as soon as the Festival starts, days pass like Rajdhani Express and make us sad…
Sometimes I really do feel like going to some village side area where I can enjoy a Bonedi Barir Durga Pujo…From Mahalaya to Dashami totally 10 days just watching those floating clouds and the gangs of Kaash Phool, dancing to the beats of Dhaak… just to celebrate a Complete Bangali Durga Pujo… I am very much prone to thinking, thinking and thinking. These little little instances of nature just blow my mind but unfortunately it’s impossible to spend long time over there practically…Still hope for it to happen sometimes in my Life.Anyways Let me share my Childhood Durga Puja Holidays and the scenario of the Tilottoma Mahanagari Kolkata…







I am highly fun loving girl from childhood, and I get too excited just thinking of having fun and if that is of the ultimate festive season for having fun then.”Kono kotha hobe na”...Not only me All the Bengalis do the same behavior like I do in this season, whether in West Bengal or outside anywhere in the world. The preparation starts from 2 months before the Puja and now the things are totally running fast...In everywhere from the media to magazines only about Puja Puja and Puja…Different shows based upon this and many more things.. ☺


In these long 23 years of my life I have tasted different flavors of Durga Puja …during childhood the taste was so unique which I miss much… Then people were not much concerned about pandal hopping like recent times. It has become a rage now to hop Pandals from Chaturthi to Ekadashi … Actually we Bengalis don’t want to leave this enjoyment soon. So we stretch the time from both starting and ending ☺ …In childhood Puja means long holiday of one month, several dresses from loved ones (definitely used to have competition with friends regarding this [wink]),hopping pandals with ma and papa everyday from Saptami to Dashami ☺,having a tough game competition with local friends with Gun and Cap (cracker) and humming to the tunes of Pujo numbers released by Kumar Sanu and few R.D –Asha Bengali hit adhunik songs.. Then enjoyment with relatives and all … But now neither I get long one month holiday nor have that excitement of counting dresses with friends ( kiddish)..But it doesn’t mean that I don’t take any preparations at all...Already it has been started…Puja days I spend with my family and friends… Have a jomati adda,whole night pandal hopping,eating like hell from outside [specially junk food] .. and many more..OH !! I just can’t wait .. only 17 days more…


Hey!! Bloggers those who stay outside of Kolkata and never got a chance to celebrate Durga Puja with Bengalis, I do request and invite them to come once to Kolkata and to have a glance of this world famous Grand Durga Puja… love you  Bye ….

                                                                                               ©Debarati Datta