।। শুভ তৃতীয়া ।।
কিভাবে শুরু করবো ঠিক বুঝে উঠতে পারছিনা। পড়তে পড়তে আবার এরকম না মনে হয় খুব একটা ঘ্যানঘ্যানে পোস্ট। বা এরকম না মনে হয়, যে এতো গতকালের অর্পিতা পালের লেখা থেকে ঝাপা। সত্যি বলতে অনেক দিন ধরেই মনে হচ্ছিলো এরকম একটা কিছু লিখবো , হয়ে উঠছিলো না জাস্ট। কাল অর্পিতা পালের আনন্দবাজারের লেখাটা পরে বেশ নাড়াচাড়া পড়লো। মনে হলো নাহ লিখেই ফেলি। মনে হলো, ঠিকই তো পুজোর রং তো বদলায় বছরের পর বছর। ছোটবেলার পুজোর সংজ্ঞা এখনের পুজোর সংজ্ঞার থেকে সম্পূর্ণ আলাদা ছিল। দিনের পর দিন সব বদলেছে। তাই ভাবলাম , একটু একটু করে আমার নিজের কিছু স্মৃতি যদি এখানে লিখতে পারি ব্যাপারটা মন্দ হয়না ।সত্যি বলতে, এই যে ব্যাপারগুলো ভাবছি তাতেও যেন আনন্দ হচ্ছে।তাহলে আবার কি ? পড়ুন। হয়তো আমার নিজস্ব কিছু স্মৃতির সাথে আপনারাও নিজের স্মৃতিও খুঁজে পাবেন।
আমার প্রথম পুজো তো অবশ্যই মনে নেই।কিন্তু এই ক্লাস ওয়ান বা ক্লাস টু এর পুজো গুলো মনে পরে।তখন আমরা থাকতাম অন্য একটা পাড়াতে।সেই স্মৃতি গুলোর স্বাদটা আলাদা আর অবশ্যই আর ফিরে আসেনি। মনে আছে, পুজোর আগের এক মাস থেকে মার মধ্যে একটা তোলপাড় দেখতে পারতাম। ঘর পরিষ্কার করার তাগিদ ।নতুন জামা কেনার তাগিদ। গিফট কেনার তাগিদ। নতুন সারিতে ফল লাগানোর তাগিদ। স্কুলের অর্ধ বাৎসরিক পরীক্ষার খাতা দেখার তাগিদ। সব রকমের তাগিদ। তারপর আসতো মহালয়া। ছোটবেলাতে সত্যি রেডিও তে কোনো ইন্টারেস্ট ছিল না।জানতাম ও না বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র কে ? কিন্তু দূরদর্শনে সংযুক্তা ব্যানার্জী কে মা দূর্গা রূপে দেখতে খুব ভালো লাগতো। ভাবতাম দূর্গা ঠাকুরকে মনে হয় এরকমই দেখতে। পুজোর ছুটি, পুজোর হোমটাস্ক, নতুন জামা, নতুন জুতো, নতুন ক্যাপ ফাটানোর বন্দুক আর টিভিতে ছুটি ছুটি এর বিজ্ঞাপন মিলিয়ে একটা অন্যরকম আনন্দ হতো ।