Showing posts with label ছোট্টবেলার রং গোটা দুই চার. Show all posts
Showing posts with label ছোট্টবেলার রং গোটা দুই চার. Show all posts

Sunday, 15 September 2019

ছোট্টবেলার রং গোটা দুই চার - তৃতীয় পাতা

ছোট্টবেলার রং গোটা দুই চার ,
ছুটির দিন ,খালি বাড়ির উপহার 
খেলা ধুলা ,সাজগোজে রঙের বাহার 
শক্তিমান আর হাজমোলার মজার শনিবার 


ভাবলে মনে হয় , এই তো কিছু দিন আগের ঘটনা।  ঘুম থেকে ওঠা সকাল গুলো,  মা পাপার কাজে বেরোনোর অপেক্ষা , আমার আর দিদিভাইয়ের মজা গুলো সব এখনো চোখে দেখতে পারি। কেমন যেন মরীচিকার মতন, মনে হয় এইতো  খুব নিকটবর্তী কিন্তু ধরা যায় না। তখন পেরিয়ে আসা বছর গুলো চোখে আঙ্গুল দেখিয়ে  দেয়, যে  তুই এখন আর ছোট নেই।  ছোট্টবেলা পেরিয়ে এসেছিস।  হা: হা: ।

তা যাক গে  এই সব বড়ো  হয়ে  যাওয়ার  দুঃখের অনুভূতি।  ছোট্টবেলার কিছু মুহূর্ত আমি আপনাদের বলি। মোটামুটি বোনেদের মধ্যে এগুলো খুব স্বাভাবিক। আপনাদের মধ্যে যদি এমনা কেউ থাকেন যাঁরা  ছোটবেলা দিদি বা বোনের সাথে কাটিয়েছেন, তাদের হয়তো  বেশ মজা লাগবে।  আমি আর আমার দিদিভাই হলাম মানিকজোড়।  ঝগড়া ঝাঁটি হতো  ঠিকই , কিন্তু দিদিভাই আমার মাথার উপর ছত্রছায়ায় মতন থাকতো সবসময় , এখনো তাই.। আমার দ্বিতীয় মা।  তো আমাদের জন্য শনিবার টা একটা বিশেষ দিন ছিল।  আমার চতুর্থ শ্রেণী  পড়া  অব্দি এইটা ছিল প্রতি শনিবারের রুটিন।  শনিবার মা পাপা দুজনেই  কাজে বেরোতেন, আর আমরা দুজনেই বাড়িতে থাকতাম।  মা বেরিয়ে যাওয়ার পরেই শুরু হতো শক্তিমান দেখার ধুম।  সে যে কি আনন্দ ৯০ দশকের  ছেলেপিলেরা বুঝবে। দিদিভাই মাঝে মাঝে পাড়ার বিচিত্রা মুদি দোকান থেকে ১ টাকায়  ৭ টা হাজমোলা  নিয়ে আসতো।  আমরা ৩.৫ করে ভেঙে খেতাম আর শক্তিমান দেখতাম।

তারপর হতো আমাদের রান্নাঘরের আসর শুরু।  কেমন রান্নাঘর ? খেলার রান্নাঘর। টিভি তে যেমন ভাবে মহিলারা রান্না শেখাতো, সেই অনুকরণে ডাইনিং টেবিলের উপর সমস্ত কাঁচের ও চীনা মাটির বাসন নামিয়ে  শুরু হতো আমাদের দুই বোনের রান্না রান্না খেলা। আমি হতাম সঞ্চালিকা আর দিদিভাই হতো রাঁধুনি। বলে রাখি আমার দিদিভাই ছোটবেলা থেকে দুর্দান্ত মিমিক্রি করে, ও তখন হিন্দি তে খুব সুন্দর নকল করে করে রান্না শেখাতো।  ঠিক যেমন দূরদর্শন ন্যাশনালের মহিলারা করতো। কি রেসিপি দিতো আমরা কেউ জানিনা। শুধু অভিনয় করতাম। হা হা। এমন হয়েছে কয়েকবার বাস্তব সামগ্রী নিয়ে তেল, গ্যাস ছাড়া রান্না করতে গিয়ে সমস্ত রন্ধন সামগ্রী দিয়েছি নষ্ট করে আর মায়ের বাড়ি  ফেরত আসার পর দুমাদ্দুম  মার্  আর বকুনি খেতে হয়েছে। 

এছাড়াও আমাদের থাকতো আরেকটা খেলা, সাজগোজ করে  মায়ের শাড়ী আলমারি থেকে নামিয়ে পরে ঘুরে বেড়ানো। স্কেচ পেন দিয়ে নেলপলিশ, মুখে পাউডার আর একটু লিপস্টিক।  মনে আছে, মায়ের স্কুল শনিবার হাফ ডে হতো, ১:৩০  টা থেকে ২ ট র মধ্যে মা যেই কলিং বেল বাজাতো, হুটোপুটি করে শাড়ী খুলে, মুখের লিপস্টিক মুছে দরজা খুলতে যেতাম, অনেকসময় গামছা দিয়ে মুখ ঢেকে দরজা খুলে দিতাম।  মা যে বুঝতো না তা নয়, বুঝতো বটেই।  হয়তো কখনো কখনো মাফ করে দিতো। মাকে আমরা দুজনেই খুব ভয় পেতাম  আর এখন মা হয়ে গেছে ডার্লিং  বেস্ট ফ্রেন্ড। 



এই সব দিন বড্ডো মনে  পড়ে।  ২০ বছরের ও বেশি।  কি করে যে কেটে গেলো টের পাওয়া যায়নি।  আপনাদের ও নিশ্চই থাকবে , যদি মনে করেন, শেয়ার করুন।




Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy

Monday, 18 September 2017

ছোট্টবেলার রং গোটা দুই চার - দ্বিতীয় পাতা

।। দ্বিতীয় পাতা ।।






ছোট্টবেলার রং গোটা দুই চার,

স্কুলের গেট ,মায়ের হাত , ভালোবাসার আঁচ  
আমার অপেক্ষার  "বিপুল ভান্ডার " , আর
টিউনিক , টাই পরা  সপ্তাহের  দিন পাঁচ ।।






 যখন  ক্লাস থ্ৰী  তে , তখন মার সাথে  স্কুলের জন্য বেরোতাম, আমার নির্ধারিত সময়ের  অনেকক্ষন  আগেই যদিও পৌঁছে যেতাম, তাও বেরোতাম কারণ মার সাথে স্কুলে যাওয়া  তার আগে আমার হতো না। আমাকে আমার স্কুলে ছেড়ে দিয়ে  মা চলে যেত মার স্কুলে।  আর আমি  মাকে হাত নাড়িয়ে টাটা করতে থাকতাম  যতক্ষণ মা দৃষ্টিগোচর  না হয়ে যেতেন  , তাতে একটা আলাদা সুখ ছিল।  আমার স্কুলের উল্টোদিকে বিপুর কাকুর মুদি দোকান ছিল।  'বিপুল ভাণ্ডার ' । বিপুল কাকুর বাবা (আমি দাদু বলে ডাকতাম) আমাকে অনুকরণ করে  হাত নাড়িয়ে মার দিকে তাকিয়ে তাকিয়ে টাটা করতেন। আর  বাঁকা  চোখে আমার দিকে চেয়ে চেয়ে মিটি মিটি হাসতেন।  উনি আমার কাঁদো কাঁদো মুখটাকে  হাসিমুখ  করতে চাইতেন।  আমি হেসেও ফেলতাম। তারপর আমি যা করতাম, অবিকল অনুকরণ করতেই থাকতেন।  আর আমি হেসে যেতাম।  এইভাবে অনেক্ষন কাটতো স্কুলের গেটে।  তারপর স্কুল খুলে গেলে  আমি ঢুকে যেতাম।  আজ অনেক বছর হলো উনি নেই।  প্রায় ১০-১২ বছর হবে।  কিন্তু মাঝে মাঝে দাদুর কথা ভাবলে বেশ মজা লাগে।  

ছোট্টবেলা টা  কি মিষ্টি ছিল  :)




Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy

Friday, 15 September 2017

ছোট্টবেলার রং গোটা দুই চার - প্রথম পাতা

।।প্রথম পাতা ।।
Pinterest



ছোট্টবেলার রং গোটা দুই চার, 

আসনে মোড়া দুপুরের আহ্লাদ 
স্টীলের গেলাস, সাথে প্রেসার কুকার 
গরম মাংস, ডাল আর আলু সেদ্ধ ভাত ||








যখন ছোট  ছিলাম  কোনোদিন ভাবিনি ছোটবেলা কে  ফিরে পাওয়ার জন্য এতটা  বেপরোয়া  অনুভব  করবো।  তখন তো  মাকে অনুকরণ  করে কাঁধে ব্যাগ নিয়ে  চাকরী  করার ভান করতাম।  কখনো ডাক্তার  বা কখনো শিক্ষিকা  হয়ে  বিভিন্ন চরিত্রে নিজেকে চাকুরীরত ও স্বাবলম্বী হিসেবে দেখতে চাইতাম। অপেক্ষা ছিল শুধু  বড়  হওয়ার।  কে জানতো এখন মরীচিকার মতন মনে হবে ছোটোবেলাকে।  

আমাদের বাড়িতে  আমরা চার জন ছিলাম।  আমি , দিদিভাই, মা ও পাপা। সারা সপ্তাহে দেখতাম দুজন একে অপরকে পাল্লা দিয়ে  অক্লান্ত পরিশ্রম করে , আমাদের পিছনে  অগুন্তি সময়  দিয়ে দৌড়ে বেড়াতো। কখনো  পাপাকে  দেখতাম  মায়ের  ভূমিকা পালন করতে আবার কখনো মাকে দেখতাম  উল্টো টা  করতে।  আমরা  দুই বোন স্কুলে চলে যেতাম।  দিদিভাইয়ের সকালে স্কুল থাকতো, আমার ঘুম থেকে ওঠার আগেই ও চলে যেত স্কুলে, তারপর মা  তাড়াহুড়ো  করে ঘরের কাজ সামলে, স্কুল এ চলে যেত আর তারপর আমি স্কুল এ চলে যেতাম।  সপ্তাহ এইভাবেই চলে যেত। ছোট ছিলাম, তারিখের হিসাব ছিল না, না ছিল  সময়ের গুরুত্ব বোঝার মতন  বয়স।  দিন এইভাবেই কাটতো। 


অপেক্ষা থাকতো রবিবারের।  রবিবারের দুপুর বেলাটার।  সকাল থেকেই  শুধু রান্নাঘর থেকে সুস্বাদু  খাবারের গন্ধ পেতাম আর কি একটা কৌতূহল হতো মেনু নিয়ে। আমার পাপা  দুর্দান্ত রান্না করেন।  পাপার রাঁধা মাংস  খাওয়ার  জন্য অনেকেই  অনুরোধ করতো ।  যাই হোক, এটা আমাদের দুই বোনের অগোচরে  থাকতো না  যদি মেনুতে মাংস হতো।  কারণ ,পাপার  ফোঁড়নের  সুগন্ধ অন্য  লেভেলের।  টের পেতাম  ই। আর  রবিবার মানে মাংস  এটাও  স্বাভাবিক ছিল।  দুপুরে  আমাদের চারজনের  একসাথে  খাওয়া  টা  এখন শুধু একটা মিষ্টি স্মৃতি।  যদি এমন হতো বেশ পুরোনো স্মৃতি গুলোকে  যখন ইচ্ছে একবার করে ঢুঁ  মেরে আসা যেত, নাহঃ , তাহলে কি আর তার মর্ম  এতো দামি হতো ? হতো না তাই না ?? নিঃসন্দেহে  হতোনা। 



Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy